নীরব ফাঁদের হাসি
মোঃ বুলবুল হোসেন
যে শিকারী হাসিমুখে বলে
ফিরেছি ঘরে,
চোখের ভেতর গোপন ঝড়
নীরবে ঝরে।
মুখে তার মায়ার বুনন
কথায় নরম ছোঁয়া,
অন্তরে সে আঁকে শুধু
অন্ধকারের ছায়া।
সে জানে ভাঙতে ভয়
গড়তে মনের বাঁধন,
ধীরে ধীরে টেনে নেয়
বিশ্বাসেরই সাধন।
শিকার ভাবে এই পথে
নেই কোনোই ক্ষতি,
ঠিক তখনই নামে নীরব
অমঙ্গল গতি।
মিষ্টি তার প্রতিটি বাণী
সুরে কোমল গান,
অদৃশ্য তীর ছুঁড়ে দেয়
করে অবসান।
আশ্বাস দিয়ে ঢেকে রাখে
লুকোনো সব ফাঁদ,
অচেনা সেই হাসির তলে
জমে বিষের বাঁধ।
রূপ বদলে কাছে এসে
করে হৃদয় জয়,
তার ছলনায় হারিয়ে যায়
সত্যের পরিচয়।
বিশ্বাসের সেই সেতুতেই ভাঙে
সব আভাস,
আসল শিকারী সে-ই
যার নীরব সর্বনাশ।