সুবাসহীন সৌন্দর্যের উপাখ্যান
মোঃ বুলবুল হোসেন
কিছু ফুল ফোটে না
ঝরে নীরব বেদনায়,
কিছু ফুল হারায় পথ
অরণ্যেরই ছায়ায়।
কিছু ফুল রঙিন শুধু
গন্ধহীন বাহার,
দেখে মুগ্ধ হয় চোখ
মন যে উদাস ভার।
কিছু ফুল পূজার থালায়
শ্রদ্ধার আলোকছায়া,
কিছু ফুল ভালোবাসায়
হৃদয়ে বাঁধে মায়া।
কিছু ফুল শুকিয়ে যায়
অবহেলার তাপে,
নামহীন সেই গল্পগুলো
লুকায় কারো চাপে।
সমাজ জুড়ে ফুটে আছে
এমন কত ফুল,
কেউ বা আদর পায়
কেউ বয়ে চলে ভুল।
কারো রঙে উৎসব লাগে
কারো চোখে জল,
কারো জীবনে বসন্ত
কারো নীরব দল।
যে ফুলে নেই সুবাস
তবু আছে তার রূপ,
সে-ও তো চায় একদিন
মমতারই ছোঁয়াসূপ।
যে ফুল ঝরে পড়ে পথের
ধূলির পাশে,
সে-ও ছিল একদিন
স্বপ্ন রঙিন আশে।
ফুলের মতো মানুষও
এই সমাজের মাঝে,
কারো জীবন দীপশিখা
কারো আঁধার সাজে।
তাই যে যেমন ফুল হোক
অবহেলা নয় আর,
ভালোবাসার স্পর্শেই ফুটুক
জীবন বারবার।