বিষণ্ণতার জলছবি
মোঃ বুলবুল হোসেন
মেঘের মতো মুখ থাকে না ভার
জল থাকে না চোখের কোণে,
অকাল মেঘে জমছে অন্ধকার
একলা আমি জীর্ণ মনে মনে।
রোদ হাসে ওই আকাশজুড়ে রোজ
সবুজ পাতায় ভোরের আলপনা,
কেউ রাখে না আমার মনের খোঁজ
এক নিমিষেই মিথ্যে হয় সান্ত্বনা।
রক্তে আমার গোপন হাহাকার
অশ্রুবিহীন ভিজছে ভেতর ঘর,
শূন্য ব্যথায় রুক্ষ চারিধার
আপন মানুষ হচ্ছে ক্রমে পর।
শোকে পুড়ি গুমরে থাকা রাতে
শব্দবিহীন কান্নারা সব হাসে,
হাত রাখা নেই প্রিয় কোনো হাতে
মরণ শুধু আমায় ভালোবাসে।