আপন ঠিকানা
মোঃ বুলবুল হোসেন
বিদেশি সাগর তীরে আমি
দাঁড়াই নীরব চিত্তে,
লাল আকাশে নীলের মেলা
ডাকে মুগ্ধ দৃষ্টিতে।
ঢেউয়ের গানে সন্ধ্যা নামে,
সূর্য নামে ধীরে,
তবু কেন মন ভরে না গো
এত রঙিন নীড়ে।
হঠাৎ মনে পড়ে যে তখন
জন্মভূমির কথা,
মাটির গন্ধ, আপন মানুষ,
স্নেহভরা সে ব্যথা।
ভিন্ন ভাষা, ভিন্ন মানুষ,
ভিন্ন পথের টান,
তবু দেশে ফেরার ডাকে
কেঁপে ওঠে প্রাণ।
দূর বিদেশে যতই ঘুরি,
মন যে ফেরে শেষে,
আমার দেশই আপন ঠিকানা
রয়েছে হৃদয় দেশে।