নীরব দহন
মোঃ বুলবুল হোসেন
আমি আলো খুঁজতে পথ ধরেছিলাম
মনে ছিল বিশ্বাস, পথের শেষে
অপেক্ষা করছে কোনো নির্মল ভোরের আলো।
কিন্তু নিয়তির নিঃশব্দ খেলায়
সেই আলোর পথই আমাকে এনে ফেলল
এক গভীর, বিষণ্ণ আঁধারের দেশে।
এখানে সুখের কোনো ঠিকানা নেই,
হাসিগুলোও যেন পথ ভুলে গেছে বহু আগে।
চারদিকে শুধু দুঃখের নিঃশব্দ স্রোত,
অদৃশ্য কোনো হাত বারবার ভেঙে দেয়
মনের যত্নে গড়া ছোট ছোট স্বপ্নগুলো।
আমি ভালোবেসেছিলা
খুব সহজ, খুব নির্মল এক ভালোবাসা নিয়ে।
কিন্তু প্রতিদানে পেয়েছি অবহেলা,
কিছু শীতল নীরবতা
আর অচেনা দূরত্বের দীর্ঘ দেয়াল।
যাকে ঘিরে একদিন গড়ে তুলেছিলাম
আমার স্বপ্নের ছোট্ট আশ্রয়,
আজ সে মানুষটাই কেমন অচেনা লাগে।
তার চোখে আর জ্বলে না
আগের সেই পরিচিত মায়ার আলো।
তবু স্মৃতিগুলো বড় নিষ্ঠুর
অকারণে ফিরে আসে বারবার,
নীরবে কড়া নাড়ে মনের দরজায়।
আমি মনকে যতই বলি
সব ভুলে যাও, সব শেষ হয়ে গেছে,
তবু অবুঝ এই মন কিছুতেই মানতে চায় না।
আর আমি…
অদৃশ্য এক দহন বুকে নিয়ে
নীরবে পুড়ে যাই প্রতিদিন।
কেউ দেখে না, কেউ বোঝে না—
শুধু অনুভব করি,
আমার ভেতরের ছোট্ট আলোটা
ধীরে ধীরে নিভে যাচ্ছে।