সাফল্যের সোপান
মোঃ বুলবুল হোসেন
কেউ পারে চালের বস্তা কিনতে,
কিন্তু মাথায় তুলতে পারে না।
আবার কেউ পারে সহজেই তুলতে,
কিন্তু কিনবার সামর্থ্য তার নেই।
জীবন এমনই বৈপরীত্যে ভরা—
যার কাছে ধন, তার ঘাটতি শক্তিতে,
যার কাছে শক্তি, তার নেই সম্পদ।
পূর্ণতা যেন সবসময় অপূর্ণ থেকে যায়।
প্রকৃতি দেয় অর্ধেক,
বাকি অর্ধেক পেতে লাগে সময়।
চাওয়া আর পাওয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকে
অদৃশ্য এক সেতু— নাম তার ধৈর্য।
ধৈর্য ধরলে ক্ষুধাও হয় শান্তির পথে,
ধৈর্য ধরলে ক্লান্তি মুছে দেয় আলো।
হতাশার অন্ধকার যতই গাঢ় হোক,
শেষমেশ জ্বলে ওঠে আশার প্রদীপ।
আজকের ঘামই আগামীর হাসি,
আজকের ক্ষুধাই আগামীর তৃপ্তি।
আল্লাহ্ কাউকে অযথা শূন্য রাখেন না—
প্রতিটি অভাবেই লুকিয়ে থাকে শিক্ষা।
তাই ধৈর্যই হোক ভরসার ছায়া,
প্রার্থনাই হোক পথচলার সাথি।
যে অপেক্ষা করে আল্লাহর উপর ভরসা রেখে,
তার পদতলেই গড়ে ওঠে—
সাফল্যের সোপান।