পুরুষের নিঃশব্দ কান্না
মোঃ বুলবুল হোসেন
পুরুষ মানুষের কাঁদতে নেই—
এটাই সমাজের নিয়ম, কড়া শাসন।
চোখ ভিজলেও দৃষ্টি থাকতে হয় শুকনো,
মনে জমতে হয় পাহাড় সমান ঋণ।
বুকের ভেতরে স্রোত বয় নিরবধি,
কেউ জানে না তার গোপন নদীর নাম।
দুঃখ জমে থাকে স্তব্ধ পাথরের মতো,
হাসির আড়ালে ঢাকা পড়ে সব ঘাম।
প্রতিটি আঘাত মেনে নেয় নীরবে,
অভিমান লুকোয় কঠিন বুকের ভাঁজে।
তার চিৎকার শোনা যায় না বাইরে,
ভালোবাসা মিশে থাকে নীরব সাজে।
পুরুষ মানুষ ভাঙে না প্রকাশ্যে,
ঝড় এলে দাঁড়ায় অবিচল বৃক্ষ হয়ে।
অশ্রু গড়িয়ে যায় ভেতরের শূন্যতায়,
কিন্তু বাহিরে থাকে অনমনীয় শক্তি বয়ে।
এই তো পুরুষের অনন্ত যন্ত্রণা,
কান্না আছে—তবু কাঁদতে নেই।
দৃঢ়তার মুখোশে লুকিয়ে যায় তার আত্মা,
সমাজ ভাবে সে অটল, আসলে ভীষণ একাকী।